দৈনিক আমন্ত্রণ, নাইক্ষ্যংছড়ি প্রতিবেদক :
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতের জেরে গত ৫ দিনে দেশটির নিরাপত্তা বাহিনীর আরও ৮৪ সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের মধ্যে সর্বশেষ পালিয়ে আসেন আরও তিনজন। এ নিয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির হেফাজতে রয়েছেন ২৬৪ জান্তা সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
পালিয়ে আসা তিন জান্তা সদস্য স্থানীয়দের জানিয়েছেন, তাদের দলের আরও ৫১ জন যোদ্ধা বাংলাদেশে পালিয়ে আসতে সীমান্তের ওপারে অপেক্ষায় রয়েছেন। তারা যে কোনো মুহূর্তে এপারে পালিয়ে আসতে পারেন।
এর আগে গত চার দিনে মিয়ানমার জান্তা বাহিনীর আরও ৮১ সদস্য বাংলাদেশে পালিয়ে আসেন। এর মধ্যে গত বুধবার ১ জন, মঙ্গলবার ৬১ জন, সোমবার ৩ জন, রোববার ২ জন ও শনিবার ১৪ জন বাংলাদেশে আশ্রয় নেন। এরও আগে বিভিন্ন সময়ে পালিয়ে আসা আরও ১৮০ জনসহ মোট ২৬৪ জন জান্তা সদস্য বর্তমানে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি হেফাজতে রয়েছেন।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ দুপুরে ১১ বিজিবি ক্যাম্পে গিয়ে তাঁদের খোঁজখবর নেন। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এ দিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে উত্তর রাখাইনের ফকিরাবাজারের মাংগালা এলাকাসহ বেশ কয়েকটি স্থানে ব্যাপক গোলাগুলির আওয়াজ পান সীমান্তের বাসিন্দারা।
মিয়ানমারে আরও ৩ জান্তা পালিয়ে বাংলাদেশে, বেড়ে দাঁড়াল ২৬৪ জন
এপ্রিল ১৮, ২০২৪


































