দৈনিক আমন্ত্রণ, রাজশাহী অফিস :
রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তিন ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের সেনা সদস্য পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করতেন। মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার পীড়াশন গ্রামের রবিন ইসলাম (২২), একই থানার নিমতলা গ্রামের আব্দুল হাকিম (২২) ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইসলামপুর গ্রামের আব্দুর রহিম (২৫)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৯টি ভুয়া নিয়োগপত্র, সেনাবাহিনীতে যোগদানের পূর্বে মেডিকেলের জন্য প্রত্যয়ণপত্রের ফটোকপি, আসামির স্বাক্ষর করা ফাঁকা চেক, সেনাবাহিনীর নকল পরিচয়পত্র ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ এপ্রিল রাতে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নগরীর বর্ণালীর মোড় থেকে আসামিদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। সহযোগী অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহীতে ৩ ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার
এপ্রিল ১৮, ২০২৪
































