কাশী কুমার দাস, দিনাজপুর :
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নীলফামারী সদর উপজেলা শিক্ষক ক্বারী আবুল হোসেনের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের সম্মুখ সড়কে
রংপুর বিভাগের মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের রংপুর বিভাগের ৮টি জেলা ও ৫৮টি উপজেলার শিক্ষকরা একসাথে বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর বিভাগীয় কোষাধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুস সোবহান, দিনাজপুর সদর উপজেলা কমিটির সভাপতি মাওলানা মোজাম্মেল হক প্রমুখ।
বক্তারা বলেন, রংপুর বিভাগীয় কর্মসূচির আওতায় আমরা দিনাজপুরে মউশিক শিক্ষক ক্বারী আবুল হোসেনের নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছি। চলতি বছরের ১ জুলাই নীলফামারী জেলার সদর উপজেলার হরতকি তলার বাসিন্দা ও মউশিক শিক্ষক এবং মসজিদের ইমাম ক্বারী আবুল হোসেনকে দুর্বৃত্তরা নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ আজ পর্যন্ত হত্যার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। আমরা উক্ত হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে মউশিক শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। দ্রæততম সময়ের মধ্যে হত্যাকারিদের গ্রেপ্তারসহ আইনের আওতায় আনা না হলে আগামীতে আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, রংপুর বিভাগীয় কমিটি দিনাজপুর জেলা ও সদর উপজেলা কমিটির শিক্ষক শিক্ষিকা অংশ নেন।
আমন্ত্রণ/এজি


































