প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিবেদক :
জীবনের শেষ বয়সে মানুষ সাধারণত একটু শান্তি, নিরাপত্তা আর আশ্রয়ের স্বপ্ন দেখে। কিন্ত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী চৈতন দিঘির পাড় এলাকার বৃদ্ধ আব্দুল গনি মিয়ার জীবনে সেই স্বপ্ন যেন বহু আগেই হারিয়ে গেছে। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি এখন বেঁচে আছেন মাত্র ছয় ফুটের একটি জরাজীর্ণ ঘরে যেখানে নেই স্বস্তি, নেই নিরাপত্তা, নেই নূন্যতম মানবিক জীবনযাপনের পরিবেশ।
৭০ বছর বয়সী গনি মিয়ার ছোট্ট সেই ঘরটি দূর থেকে দেখলে মনে হয়, যেন ঝড়-বৃষ্টির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকা কোনো পরিত্যক্ত আশ্রয়। পুরোনো টিন, বাঁশ ও অস্থায়ী উপকরণ দিয়ে কোনোভাবে দাঁড়িয়ে আছে তার শেষ সম্বল। ঘরের ভেতরে ঢুকলেই চোখে পড়ে দারিদ্র্যের নির্মম চিত্র। সামান্য একটি খাটের জায়গাও নেই। কোনোমতে মাটির ওপর বিছানা পেতে রাত কাটান তিনি। ঘরের উচ্চতা এতটাই কম যে সোজা হয়ে দাঁড়ানোও কষ্টকর।
বর্ষা এলে দূর্ভোগ আরও বাড়ে। টিনের ছাউনির ফাঁক দিয়ে পানি পড়ে বিছানায়। ঝড়ের সময় পুরো ঘর কেঁপে ওঠে আতঙ্কে। প্রতিটি রাত তখন তার কাছে হয়ে ওঠে অনিশ্চয়তার আরেকটি পরীক্ষা। তবুও এই ছোট্ট ঘরটিই তার পৃথিবী, তার একমাত্র আশ্রয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গনি মিয়ার জীবনের গল্প দীর্ঘ সংগ্রামের। একসময় দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর আর আগের মতো সাড়া দেয় না। এখন কাজ করার শক্তিও নেই। নিজের কোনো জমি-জমা না থাকায় স্থায়ী আয়ের পথও বন্ধ হয়ে গেছে। ফলে কখনো প্রতিবেশীদের সহানুভূতি, কখনো কারও দেওয়া খাবার এসবের ওপরই নির্ভর করে চলছে তার জীবন।
এলাকার বাসিন্দারা জানান, গনি মিয়া অত্যন্ত নিরীহ ও অসহায় একজন মানুষ। অভাবের কষ্ট থাকলেও কখনো কারও কাছে হাত পেতে কিছু চাইতে দেখা যায় না তাকে। নীরবে কষ্ট সহ্য করেই কাটছে তার প্রতিটি দিন। অনেক সময় না খেয়েই রাত পার করতে হয় বলেও জানান স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহলের দাবি, সমাজে এখনো অনেক বিত্তবান মানুষ রয়েছেন, অনেক সরকারি-বেসরকারি সহায়তা কার্যক্রমও রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, গনি মিয়ার মতো মানুষরা সেই সহায়তার আওতার বাইরে থেকে যান। তারা মনে করেন, প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর কিংবা মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে খুব সহজেই এই বৃদ্ধের জন্য একটি নিরাপদ ঘর নির্মাণ করা সম্ভব।
গনি মিয়ার ছয় ফুটের সেই ছোট্ট ঘরটি শুধু একজন মানুষের দারিদ্র্যের গল্প নয়, এটি সমাজের বৈষম্য, অবহেলা ও মানবিক সংকটের এক নীরব প্রতিচ্ছবি। উন্নয়নের নানা পরিসংখ্যানের ভিড়ে আজও এমন অসহায় মানুষ বেঁচে আছেন মানবেতর অবস্থায় যাদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, মানবতারও দাবি।
আমন্ত্রণ/এজি


































