জাহিদুল ইসলাম জাহিদ :
দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এসময় জড়িত কাউকে আটক করা যায়নি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বুধবার (১০ এপ্রিল) মধ্যরাতে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের সাপের বিষগুলি উদ্ধার করে।
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে রাতে ভারতে সাপের বিষ পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের সমন্বয়ে ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দলকে ঘাসুড়িয়া সীমান্তে অভিযানে পাঠানো হয়। এসময় বিজিবির দলটি সীমান্তের ২৮৯/১ নং সাব পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওসমান মোড় নামক স্থানে অভিযান চালায়। পরে সেখান থেকে ১ কেজি পরিমাণ সাপের বিষ উদ্ধার করে।
অধিনায়ক আরও জানান, পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকে চেষ্টা চলছে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি’র এই কর্মকর্তা নিশ্চিত করেন।
বিরামপুর সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ উদ্ধার
এপ্রিল ১১, ২০২৪


































