আতিউর রহমান, আমন্ত্রণ প্রতিবেদক, বিরল :
দিনাজপুরের বিরলের এক অপহৃতাসহ অপহরণকারীকে গাজীপুর থেকে আটক করেছে থানা পুলিশ। অপহরণের শিকার হওয়া ছাত্রীকে উদ্ধার পূর্বক পরিবারের কাছে হস্তান্তর এবং অপহরণকারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, গত ৩০ সেপ্টেম্বর তারিখ সকাল সাড়ে ৯ টায় বাড়ী থেকে বিদ্যালয়ে আসার পথে উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভারাডাঙ্গী বাজারের জনৈক আজাহারুল ইসলাম মেম্বারের মুদিখানার দোকানের সম্মূখ হতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রাণীরঘাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান (৪০) অপহরণ করে নিয়ে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রুহুল আমিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স শুক্রবার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা হতে অপহরণকারীকে আটক করে অপহৃতাকে উদ্ধার করে। আজ শনিবার (৫ অক্টোবর) অপহৃতার জবানবন্দি গ্রহণ শেষে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং অপহরণকারীকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। বিরল থানার মামলা নং ৩, তারিখ- ৪.১০.২০২৪।
আমন্ত্রণ/এসিজি


































