বগুড়া ব্যুরো:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসন থেকে লড়ছেন একমাত্র আদিবাসী প্রার্থী শিপন কুমার রবিদাস। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হয়ে কাস্তে মার্কা নিয়ে তিনি ভোটের মাঠে সরব হয়েছেন। বিজয়ের বিষয়ে তিনি দারুণ আশাবাদী। শিপন কুমার রবিদাস ইংরেজিতে এমএ পাশ এবং দক্ষ একজন সংগঠক।
তিনি বাংলাদেশ রবিদাস ফোরামের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। রাজশাহী বিভাগের মধ্যে তিনি একমাত্র আদিবাসী প্রার্থী।
জেলা নির্বাচন কমিশনের তথ্য মতে, বগুড়া -৫ (শেরপুর-ধুনট নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৩ হাজার ৫৪০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ২৮৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৯১ হাজার ৪৭ জন।
এই আসনে শিপন কুমার রবিদাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতের শেরপুর উপজেলা কমিটির আমির আলহাজ্ব দবিবুর রহমান, এলডিপির কুদরত- ই- সাকলাইন, ইসলামী আন্দোলনের মীর মোহাম্মদ মাহমুদুর রহমান।
শিপন কুমার রবি দাস জানান, নির্বাচন কমিশনের হিসাবে হিজড়াদের পরিমাণ থাকলেও মোট ভোটারের হিন্দু, আদিবাসী, দলিত (সুইপার) সম্প্রদায় নেই। অথচ, ধুনটে ৩০ হাজার এবং শেরপুরে ৪০ হাজার আদিবাসী সংগঠনের সঙ্গে যুক্ত। ভোটের প্রচারে সকল আদিবাসী আমাকে সমর্থন দিয়েছে। সঙ্গে হিন্দু সম্প্রদায় এবং দলিত সুইপাররাও আমাকে সমর্থন দিয়ে যাচ্ছে। ভোটের মাঠে এখন আমিই বড় ফ্যাক্টর এবং আশাবাদী।
তিনি বলেন, আমার জানা মতে রংপুর বিভাগের গাইবান্ধা এবং পার্বত্য চট্টগ্রামে আরেক জন আদিবাসী ভোট করছেন। সব মিলিয়ে আমরা তিনজন আদিবাসী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, বগুড়া জেলা শাখার সভাপতি শ্রীকান্ত মাহাতো জানান, ইতিমধ্যেই আমাদের সংগঠনের নেতাদের বলা হয়েছে আদিবাসী প্রার্থী শিপন কুমার রবিদাসের পক্ষে কাজ করার জন্য। আমি নিজেও তার পক্ষে ধুনট- শেরপুরে কাজ করছি। কারণ, একদিকে সে শিক্ষিত ও দক্ষ।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন, শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত দাস জানান, আমার আদিবাসী সদস্যদের ঘরে ঘরে যাচ্ছি এবং তাদের ভোট দিতে বলছি। তারা আশ্বাস দিয়েছে আদিবাসী হিসাবে অন্য আদিবাসীকে ভোট দেয়ার জন্য। সাড়াও পাচ্ছি ভালো।
জাতীয় আদিবাসী পরিষদ ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কর্নিদাস জানান, আদিবাসী এলাকায় গিয়ে ঘরোয়া বৈঠক করে ভোট প্রার্থনা করছি। তাদের বুঝাচ্ছি যে আমরা অবহেলিত সমাজে। তাই আমাদের একজন প্রতিনিধি জাতীয় সংসদে থাকা উচিত। আমাদের সম্প্রদায়ের লোকজন শিপন কুমার রবিদাসকে ভোট দিবে বলে জানিয়েছেন। যদি আদিবাসী এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন ভোট দেয় তাহলে মাঠে আমরা শক্ত প্রতিপক্ষ হয়ে উঠবো। তবে, বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতায় আমরা বগুড়া-৫ আসনে থাকবো বলে আশা রাখছি।
শেরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বরেন সন্ন্যাল জানান, শুধু শেরপুর উপজেলাতেই ৪০ হাজার হিন্দু সম্প্রদায়ের ভোটার আছে। সবাই এক হয়ে কাজ করলে বিজয়ী হওয়া সম্ভব।
আমন্ত্রণ/এজি
বগুড়া- ৫ : জয়ের স্বপ্ন দেখছেন রাজশাহী বিভাগের একমাত্র আদিবাসী প্রার্থী শিপন রবিদাশ
জানুয়ারি ২৯, ২০২৬
































