রিয়াজ মাহমুদ, গাবতলী (বগুড়া) প্রতিবেদক :
আইনি জটিলতায় বগুড়ার গাবতলী মডেল থানা চত্বরে পড়ে থাকা জব্দকৃত যানবাহনগুলো অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। খোলা আকাশের নিচে পড়ে থেকে কোটি টাকার মোটরসাইকেল, সিএনজি, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে মরিচা ধরে গেছে। কোনো গাড়ির দরজা নেই, কোনো গাড়ির চাকা বসে গেছে, আবার কোনো গাড়ির কেবল কাঠামোই পড়ে আছে।
সূত্রে জানা গেছে, চুরি, সড়ক দুর্ঘটনা, মাদক বহন, চোরাই পণ্যসহ নানা অভিযোগে এসব যানবাহন জব্দ করে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যানবাহনগুলো খোলা আকাশের নিচে পড়ে থেকে অচল হয়ে যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, তিনটি কারণে থানায় এসব জব্দ যানবাহন দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হচ্ছে। প্রথমত, মালিকরা মামলা নিষ্পত্তির অপেক্ষায় গাড়ি ছাড়াতে আসেন না। দ্বিতীয়ত, আদালতের নির্দেশনা ছাড়া এসব যানবাহন নিলামে বিক্রি সম্ভব নয়। তৃতীয়ত, থানার পক্ষ থেকেও আদালতকে সঠিক সময়ে অবহিত করা হয় না। ফলে মাসের পর মাস, বছরের পর বছর এগুলো অযত্নে পড়ে থেকে অচল হয়ে পড়ছে। এতে মামলার আলামতও নষ্ট হচ্ছে।
কয়েকজন ভুক্তভোগী বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করে জব্দ যানবাহন নিলামে বিক্রি করা হলে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব যোগ হতো। একই সঙ্গে গাড়ির মালিকদেরও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করা যেত।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “গাড়িগুলো বিভিন্ন মামলার আলামত। আদালতের নির্দেশনা ছাড়া এগুলো হস্তান্তর বা নিষ্পত্তি করা আমাদের পক্ষে সম্ভব নয়। অনেক মালিক কাগজপত্র জমা দেন না কিংবা মামলা চলমান থাকায় যোগাযোগও করেন না। তবে আমরা আদালতে নিলামের জন্য আবেদন দিয়েছি। নির্দেশনা পেলেই ব্যবস্থা নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
গাবতলীতে মামলার প্যাচে আটকে নষ্ট হচ্ছে জব্দ কোটি টাকার যানবাহন
অক্টোবর ১২, ২০২৫


































