বগুড়া ব্যুরো :
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমানের ছেলে এবং ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৬ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আসাদুর রহমান দুলুর ছেলে মাহরুখ আল রুহান ওরফে অরিত্র এবং দুলুর ভাতিজা আবরিম ইবনে আতাউর রহমান বাবু। এদের মধ্যে অরিত্র নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং বাবু নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের গত বছরের ১১ নভেম্বর দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক মামলার তদন্ত প্রাপ্ত আসামিদের। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় উপজেলায় আওয়ামী লীগের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ও সোমবার সকালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার একজন হলেন উপজেলার সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান (৫৭)। তিনি বিনোদপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় পল্লি চিকিৎসক। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁকে শেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অপরজন হলেন ফজলুর রহমান (৬৮)। তিনি উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি।
তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে ২ নভেম্বর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা এজাহারভুক্ত আসামি নন। তবে মামলার তদন্তে তাঁদের সম্পৃক্ততা পাওয়া গেছে। সোমবার তাঁদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক দুলুর ছেলে ও ভাতিজাসহ চারজন গ্রেপ্তার
মে ২৬, ২০২৫


































