বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ইয়াসিন উল কবির ওরফে বকুল (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৬ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
ইয়াসিন উল কবির উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি। তার বাড়ি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামে।
থানা সূত্র জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে পুলিশ শাহবন্দেগী ইউনিয়নে অভিযান চালিয়ে বকুলকে গ্রেপ্তার করে। তিনি গত ১৭ জুলাই ধুনটরোড বাসস্ট্যান্ড মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন। এ ঘটনায় গত ২ নভেম্বর শেরপুর থানায় মামলা করেন আন্দোলনের নেতা রিফাত সরকার, যার বাড়ি উপজেলার খন্দকারটোলা গ্রামে। এজাহারে ১৪৭ জনের নাম উল্লেখ করা হয়, পাশাপাশি অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গত ২ নভেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ইয়াসিন উল কবির ওরফে বকুলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শেরপুরে ইউপি সদস্য স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ফেব্রুয়ারি ১৬, ২০২৫


































