বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিহত রাণী বেগমের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় এক জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪জনকে আসামী করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।তবে রহস্য উদঘাটনে চেষ্টা চলছে বলে জানিয়েছেন।
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে দেখা গেছে, ঘটনার পর পরই তিন যুবক একই মোটরসাইকেল চড়ে যাচ্ছেন। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের পাওয়া গেলেই এই জোড়া খুনের রহস্য উদ্ধার করা সম্ভব।
তিনি জানান, নিহত ইমরানের চাচাতো ভাই আটক হাসান এখনও পুলিশ হেফাজতে রয়েছে। তবে তাকে গ্রেফতার করা হয়নি। শুধু জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় রাখা হয়েছে।
উল্লেখ্য সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্ল্যাপুর বটতলা গ্রামে মা রানী বেগম (৪০) ও তাঁর ছেলে ইমরান হোসেন (১৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে দৃর্বৃত্তরা বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার মোবাইল ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে। পরে পুলিশ দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার মা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার নেই
সেপ্টেম্বর ১৭, ২০২৫


































