বগুড়া ব্যুরো:
বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৮ মার্চ) দিবাগত-রাত পৌনে দুইটার দিকে ফুলবাড়ী বিসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৭ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবুল কালাম আজাদ ওরফে কালাম (৩৯) ও তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৩২)। তাঁদের স্থায়ী বাড়ি শাজাহানপুর উপজেলার খাদাশ ভোলাগাড়ী এলাকায় হলেও তাঁরা শহরের ফুলবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, কালামের বিরুদ্ধে ঢাকা, টাঙ্গাইল ও বগুড়াসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ফুলবাড়ী বিসিক শাহী মসজিদ সংলগ্ন একটি টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের শয়নকক্ষের ড্রয়ার তল্লাশি করে নীল রঙের ২০টি প্যাকেটে থাকা মোট ৪ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবার বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়াসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন। তাঁরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি


































