বগুড়া ব্যুরো :
বগুড়ায় বৈষম্যবিরোধি ছাত্র-জনতার আন্দোলনে স্কুলছাত্র রাতুল নিহতের মামলায় মঞ্জু সরকার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌণে ১১টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মঞ্জু সরকার উপশহর এলাকার আব্দুর রহমান সরকারের ছেলে। তিনি পরিবহণ ব্যবসায়ী। এছাড়া তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের সহযোগী। তার বিরুদ্ধে রাতুল হত্যা মামলা রয়েছে এবং তিনি সেই মামলার ৩০ নম্বর আসামি। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের চারমাথা এলাকা থেকে স্কুলছাত্র রাতুল হত্যা মামলার ৩০ নম্বর আসামি মঞ্জু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ, গত ১৭ ফেব্রুয়ারি) জুনাইদ ইসলাম রাতুলকে (১৪) হত্যার অভিযোগে তার বাবা জিয়াউর রহমান বাদি হয়ে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, বগুড়ার সাবেক দুই এমপি মজিবুর রহমান মজনু ও রাগেবুল আহসান রিপুসহ ৬২ জনকে আসামী করে মামলা করেছেন। এই মামলায় অজ্ঞাত হিসেবে আরও ৩০০ জনকে আসামী করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় স্কুলছাত্র রাতুল হত্যা মামলায় আ’লীগ নেতা পরিবহন ব্যবসায়ী মঞ্জু গ্রেপ্তার
ফেব্রুয়ারি ২৬, ২০২৫
































