বগুড়া ব্যুরো :
বগুড়ার আদমদীঘিতে বিড়ালকে জবাই করে হত্যার পর ধান ক্ষেতে ফেলে রাখার ঘটনায় বুলবুলি (২৬) নামে এক নারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে পুলিশ জবাই করা বিড়ালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করেছে। এ ঘটনায় ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় এ ডায়েরি করেন।
আদমদীঘি থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার নসরতপুর ইউনিয়ের দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বুলবুলি নামে এক নারী তার বাড়িতে একটি সাদা-কালো রঙের বিড়ালকে বটি দিয়ে জবাই করার পর নারীভুরি বের করে। এরপর ওই হত্যা করা বিড়াল বাড়ির পাশে ধান ক্ষেতে ফেলে দেন।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে বাদি ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন দেখতে পেয়ে তার কর্তৃপক্ষের নজরে আনেন। এরপর বুধবার দুপুরে এমরান হোসেন দত্তবাড়িয়া গ্রামে ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে একই গ্রামের প্রতিবেশী শামছুন্নাহার মিনার কাছ থেকে আদমদীঘি থানা পুলিশের সহযোগিতায় হত্যা করা বিড়ালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সিডিআইএল-এ প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় বিড়াল হত্যায় নারীর বিরুদ্ধে থানায় জিডি
নভেম্বর ৬, ২০২৫






























