বগুড়া ব্যুরো :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিএনপির সদস্যপদ নবায়ন করা হয়েছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বগুড়ায় তার সদস্যপদ নবায়ন করা হয়। তারেক রহমান বগুড়া শহর বিএনপি অধিনে ৯নং ওয়ার্ড বিএনপি সদস্য পদ নবায়ন করেন। এ সময় তিনি সুত্রাপুরের বাসিন্দা হিসেবে এ সদস্য পদ নবায়ন করেন। সদস্য নবায়নের বহি নম্বর-৭৬৩০ এবং ক্রমিক নম্বর-৭৬২৯০১।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা তারেক রহমানের পক্ষে সদস্য নবায়ন ফির ২০ টাকা পরিশোধ করে সদস্য নবায়ন রশিদ গ্রহণ করেন। এসময় জেলা নেতারা উপস্থিত ছিলেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সাইফুল ইসলাম, শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবর রহমান বকুল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার সংগ্রামের ইতিহাস আমরা ভুলতে পারি না। আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। যারা ৭১ সালে মুক্তিযুদ্ধ দেখেনি তাদের বলতে চাই ৭১ এর মধ্যদিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। একাত্তরের মধ্যে দিয়েই দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পতাকা পেয়েছি। ৭১ কে আমরা যেভাবে সম্মান শ্রদ্ধা জানাই তেমনি ২৪ কেও আমরা সেভাবেই সম্মান শ্রদ্ধা জানাবো। ২৪ সালে আগস্ট বিপ্লবে বাংলাদেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় বিএনপির সদস্য পদ নবায়ন করলেন তারেক রহমান
সেপ্টেম্বর ২১, ২০২৫
































