বগুড়া ব্যুরো ;
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আল মেহেদী হাসানের ওপর অতর্কিত হামলার ঘটনায় মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে পাঁচ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। জেলা ছাত্রদল জানায়, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে হামলার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনে দায়ী হিসেবে পৌর ও উপজেলা ছাত্রদলের পাঁচ নেতার সংশ্লিষ্টতা পাওয়া যায়।
অভিযুক্তরা হলেন দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, দুপচাঁচিয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষণ, পৌর ছাত্রদল নেতা মিশকাত মিয়া, মো. হিমেল ও মো. হানিফ।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। ব্যর্থ হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
আমন্ত্রণ/এসিজি


































