বগুড়া ব্যুরো ;
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শহীদদের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ কোনভাবেই রাজনীতি করতে পারবে না। এনসিপির পক্ষ থেকে পুরো বাংলাদেশকে বলতে চাই এই খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ বাংলাদেশে তার কোনো রাজনৈতিক কার্যত্রম চালাতে পারবে না। আগামীর বাংলাদেশে এসব সন্ত্রাসীদেরকে যেখানেই দেখবে বাংলাদেশের ছাত্র জনতা শহীদ পরিবার আহত যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে তাদের কে প্রতিহত করবে। বগুড়া থেকেই সেই প্রতিরোধের যুদ্ধ শুরু হবে।
তিনি বলেন, এই খুনি সন্ত্রাসীদল সারাদেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে, গুম করেছে। এই আওয়ামী লীগের শিরায় শিরায় মানুষের রক্ত লেগে আছে। সুতরাং আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারে না। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের টিটু মিলনায়তন প্রাঙ্গনে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই বগুড়া সবচেয়ে বৈষ্যমের শিকার হয়েছে। এজন্য বগুড়ায় বিমান বন্দর চালু, একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছেন।
সারজিস আলম বলেন, আওয়ামী দুঃশাসনের বিগত ১৬ বছর বগুড়াকে সবদিক থেকে বঞ্চিত করা হয়েছে। জেলার নাম শুনলেই কারো চাকরি হয়নি। চাকরির প্রমোশন আটকে দেয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়নেও চরম বৈষম্যের শিকার হয়েছে বগুড়া। তিনি বলেন, বগুড়ায় একটি বিমান বন্দর থাকলেও সেটিকে কুক্ষিগত করে রাখা হয়েছে। জনগণের জন্য সেটি উন্মুক্ত করা হয়নি। একটি আধুনিক মানের হাসপাতাল থাকলেও সেটিকে চতুর্থ শ্রেণির হাসপাতালে পরিণত করা হয়েছে। আন্তর্জাতিক স্টেডিয়াম থাকার পরেও এখানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয় না। আমরা এই বৈষম্যের অবসান চাই। তিনি ঢাকা থেকে বগুড়ার সঙ্গে সরাসরি রেললাইন চালুরও দাবি জানান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহি তাকির সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহদী। বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম-সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রিয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, শহীদ রাতুলের ভাই হামজা, শহীদ পরিবারের সদস্য উজ্জল প্রমুখ। সমাবেশ মঞ্চে বগুড়ার শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আমন্ত্রণ/এসিজি
খুনি সন্ত্রাসী আওয়ামী লীগকে যেখানেই দেখবে ছাত্র জনতারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে -বগুড়ায় সারজিস আলম
এপ্রিল ৩০, ২০২৫
































