বগুড়া ব্যুরো :
বগুড়া শহরের মালগ্রামে পিকনিকের যাবার জন্য চাঁদা চেয়ে না পেয়ে এক ফার্মাসিস্টকে বেধড়ক পিটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সাবেক ওয়ার্ড বিএনপি নেতা শরিফুল ইসলাম রতনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ফার্মাসিস্ট শামীম হোসেনকে এই পিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে শহরের মালগ্রাম সিদ্দিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় বিএনপির সাবেক নেতা ও চাঞ্চল্যকর নাহিদ হত্যা মামলার প্রধান আসামি রতনের নেতৃত্বে তিন চার জন সন্ত্রাসী মালগ্রাম সিদ্দিকের মোড়ে ফার্মাসিস্ট শামীম হোসেনের কাছে গিয়ে পিকনিক খাওয়ার কথা বলে তার কাছে সাত হাজার টাকা চাঁদা চায়। চাঁদা দিতে তিনি অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এতে তিনি চোখ মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
মারধর করে সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বগুড়া সদর থানার ওসি এস এম মইনুদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় চাঁদা না দেয়ায় ফার্মাসিস্টকে কোপাল সাবেক বিএনপি নেতা
ফেব্রুয়ারি ২০, ২০২৫
































