বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে শান্তনা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) ইফতারের আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শান্তনা আক্তার উপজেলার কামারপাড়া পূর্বপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি শহরের ওয়াইএমসিএ পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। পরিবারের সঙ্গে রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শান্তনার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে শাজাহানপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে ওই ছাত্রী আত্মহত্যা করে থাকতে পারেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মার্চ ৫, ২০২৬
































