আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক পাখার তারে বিদ্যুতায়িত হয়ে আতাউর রহমান (৫৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামে নিজ বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান ওই গ্রামের মানিক উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, আতাউর রহমান একজন সৎ ও পরিশ্রমী কৃষক ছিলেন। চলতি মৌসুমে নিজ জমির পাকা বোরো ধান কেটে তা বাড়িতে এনে মাড়াইয়ের পর শুকাতে দেন। বিকেলে উঠানে ধান শুকানোর সময় ধানের ময়লা পরিষ্কারের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক পাখায় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্বজনরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ আলী জানান, আতাউর রহমানকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। বিদ্যুতায়িত হওয়ার কারণে তাকে চিকিৎসা দেওয়ার সুযোগই মেলেনি।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা আতাউর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে ধান শুকাতে গিয়ে বৈদ্যুতিক পাখায় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু
মে ২৯, ২০২৫


































