আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আজ বুধবার (২৫ মার্চ) দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে এক গভীর তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির গুরুত্ব ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
২৫ শে মার্চ গণহত্যা দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক মো. মোহাইমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো. মতিউর রহমান।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির ভয়াবহতা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার করুণ স্মৃতিচারণ করেন। পাশাপাশি তিনি নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার এবং তা থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক গভীর শোকাবহ ও বেদনাবিধুর অধ্যায়, যা চিরস্মরণীয়। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব ও জাতীয় অঙ্গীকার।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এজি


































