আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে সিসিডিবি (সিপিআরপি) সংস্থার উদ্যোগে বুধবার (১৭ জুন) সকাল ১১টায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সকল ধরনের বৈষম্য বিলোপে কঠোর আইন প্রয়োগ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমতা প্রতিষ্ঠার দাবিতে ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি এলাকায় সিসিডিবি’র পিএস সেন্টার এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকতৃা মো. মাজহার আলী।
এছাড়াও বক্তব্য রাখেন সিসিডিবি (সিপিআরপি) সংস্থার সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবেন মধু, সংস্থার একাউন্ট অফিসার শুভ দেব নাথ, প্রশিক্ষক জয়মনি সিংহ, সমাজ সংগঠক মানিক কুজুর প্রমুখ।
এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে ৫৫০টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিসিডিবি প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। সংস্থাটির উদ্যোগে গঠিত বিভিন্ন জনসংগঠন ও ফোরামের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা সমাজের স্থিতিশীল উন্নয়ন ও মানবিক মূল্যবোধের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কার্যকর প্রয়োগ এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সিসিডিবি-সিপিআরপি, দাউদপুর-নবাবগঞ্জের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবেন মধু বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করা একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। এজন্য স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে ৫৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।”
অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন প্রান্তিক এলাকার সহযোগী ফোরাম ও সংগঠনের সদস্যরা অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, উন্নয়নকর্মীরাও উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা
জুন ২০, ২০২৬
































