বগুড়া ব্যুরো:
বগুড়ায় প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বৃদ্ধাসহ একই পরিবারের দুই নারী সদস্যকে গলা কেটে খুনের ঘটনায় অভিযুক্ত সৈকত হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তার সৈকত হাসান বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকার সোহেল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। তিনি জানান, গ্রেফতারের পর হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছে সৈকত। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে একাই সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
এ দিকে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১২টার পর আসামি সৈকতকে নিয়ে শহরের হরিগাড়ী ইসলামপুর এলাকার একটি জলাশয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।এর আগে বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ওই দুই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠে। এ সময় ছুরিকাঘাতে আহত হয় একজন। নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩), এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। সম্পর্কে তাঁরা দাদিশাশুড়ি ও নাতিবউ। একই ঘটনায় আহত হন এসএসসি পাস করা বুলবুলের মেয়ে বন্যা আক্তার (১৬)।
নিহতদের স্বজনরা জানান, সৈকত দীর্ঘদিন ধরে বন্যাকে উত্যক্ত করত এবং বিয়ের প্রস্তাব দিয়েছিল। পরিবার তা প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালে সৈকত ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার রাতে সৈকত ও তার সঙ্গে থাকা আরও ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে প্রথমে হাবিবাকে, পরে লাইলী বেওয়াকে গলা কেটে হত্যা করে। বন্যা বাধা দিতে গেলে তাকে পেটে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক লাইলী বেওয়া ও হাবিবাকে মৃত ঘোষণা করেন।
আহত বন্যার ফুপাতো ভাই মো. খোকন জানান, সৈকত বন্যাকে পছন্দ করে বলে প্রায়ই বিরক্ত করতো। বুধবার সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও ৭ থেকে ৮জন ঘরে প্রবেশ করে। তখন বন্যার ভাবী হাবিবা তাদের দেখে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। পরে লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। তখন বন্যা আসলে তার পেটেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতিমধ্যে প্রধান অভিযুক্ত সৈকতকে ধরতে সক্ষম হয়েছি। আহত বন্যা হাসপাতালে চিকিৎসাধীন আছে।’
আমন্ত্রণ/এসিজি
ফলো আপ : বগুড়ায় প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুই নারী খুনের ঘটনায় যুবক গ্রেফতার
জুলাই ১৭, ২০২৫
































