আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় সৌদি প্রবাসীর মাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দুই আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মামলার বাদী শাহনাজ বেগম, উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের বাসিন্দা। তিনি তার ছেলে, সৌদি প্রবাসী শাহাদৎ হোসেনকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা এবং পরে প্রতিবাদ করায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ধুনট থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, ধুনট উপজেলার কান্তনগর-চরপাড়া গ্রামের আজিজল সরকারের ছেলে মাহমুদুল ইসলাম সরকার (৫০) এবং শেরপুর উপজেলার ঝাঝর গ্রামের জেলদার হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জোড়শিমুল গ্রামের দিনমজুর জামাল আকন্দের ছেলে শাহাদৎ হোসেনকে সৌদি আরবে পাঠানোর কথা বলে গত ২৪ জানুয়ারি অভিযুক্ত দুই আদম ব্যবসায়ী তার পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা নেন। কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর তাকে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া হয়নি। ফলে চরম মানবেতর অবস্থায় খেয়ে-না-খেয়ে দিন কাটাতে থাকেন তিনি।
এ বিষয়ে জানতে ও ছেলের কর্মসংস্থানের বিষয়ে কথা বলতে গত ২১ জুন সকাল ১০টার দিকে শাহাদতের মা শাহনাজ বেগম কান্তনগর গ্রামে মাহমুদুল ইসলামের বাড়িতে যান। অভিযোগ অনুযায়ী, সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে মাহমুদুল ইসলাম ও আরিফুল ইসলাম তাকে মারধর করেন এবং হত্যার চেষ্টা চালান। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার দিনই শাহনাজ বেগম ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত শেষে ১৪ জুলাই নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এজি
ধুনটে সৌদি প্রবাসীর মাকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
জুলাই ১৭, ২০২৬
































