আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি বাড়িতে গড়ে ওঠা মাদকের আস্তানায় অভিযান চালিয়ে আপন দুই ভাইসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে সোহেল রানা (৪৩) ও উজ্জ্বল হোসেন (৩৫), বথুয়াবাড়ি গ্রামের আজিবর রহমানের ছেলে মনজু মিয়া (৪৫), পাকুড়িহাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান (২৭), গোসাইবাড়ি গুচ্ছ গ্রামের কালাচাঁদ কুমারের ছেলে মঙ্গল কুমার (২৯) এবং শেরপুর উপজেলার দহগ্রামের হাতেম আলীর ছেলে স্বাধীন (৩৬)।
আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ধুনট থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠায়। এর আগে রোববার রাতে পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বেচাকেনার আসর বসত। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও কারবারিরা সেখানে নিয়মিত যাতায়াত করত। এতে আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েন এবং এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
রোববার রাতে ওই বাড়িতে মাদকসেবী ও কারবারিদের জমায়েতের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় মামলা দায়ের করা হয়।
ধুনট থানার এসআই ওসমান গনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি

































