আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় গাঁজা সেবনের দায়ে শাহ আলম সেখ (৩২) নামে এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২০ জুন) দুপুরে ধুনট সদরপাড়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ দণ্ডাদেশ প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত শাহ আলম সেখ ধুনট সদরপাড়ার পিয়ার আলীর ছেলে। অভিযানে সহযোগিতা করেন বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই তাহিদুল আলম।
জানা গেছে, শাহ আলম সেখ দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। তিনি নিয়মিত মাদক সেবন করে এলাকায় মাতলামি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে সদরপাড়া এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় ভ্রাম্যমাণ আদালত ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ড কার্যকরের জন্য তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই তাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে একজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ও জুয়া প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
আমন্ত্রণ/এজি
ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজাসহ মাদকসেবী আটক, ১৫ দিনের কারাদণ্ড
জুন ২০, ২০২৬

































