আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের শতবর্ষী অসহায় নারী হারানি বেগম অবশেষে পেলেন একটি হুইল চেয়ার। বার্ধক্যজনিত অসুস্থতা ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারা এই বৃদ্ধার জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে মানবিক এই সহায়তা।
হারানি বেগম (১০০) হিজুলী গ্রামের মৃত আব্দুল সেখের স্ত্রী। চরম অভাব-অনটনের সংসারে একটি হুইল চেয়ার কেনার সামর্থ্য ছিল না তার পরিবারের। ফলে দীর্ঘদিন ধরে তিনি ঘরের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ জীবনযাপন করছিলেন। এ অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ-এর অর্থায়নে তার হাতে একটি হুইল চেয়ার তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাকে শুকনো খাবারও প্রদান করা হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি ও স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, উপদেষ্টা তোফায়েল আহম্মেদ, হেলাল উদ্দিন, আবু সুফিয়ান, নুরুল ইসলাম, সহ-সভাপতি বরকত উল্লাহ আপাল, হাফিজুর রহমান, রাসেল মাহমুদসহ রুহুল আমিন, মজনু, সুমন, রনি, ইদ্রিস, শাহাদত ও রাব্বি।
একটি হুইল চেয়ার ও শুকনো খাবার পেয়ে আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে পড়েন শতবর্ষী হারানি বেগম এবং তার পরিবারের সদস্যরা। তারা এই মানবিক সহায়তার জন্য স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখলে অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে শতবর্ষী হারানি বেগমের মুখে হাসি, পেলেন হুইল চেয়ার
জুন ২০, ২০২৬

































