আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও তার চার বছর বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রেবেকা খাতুন (২৬) ও তার মেয়ে হুজাইফা খাতুন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর প্রায় ২টার দিকে ধুনট–শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেবেকা খাতুন উপজেলার বথুয়াবাড়ি গ্রামের পলাশের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রেবেকা খাতুন তার শিশুকন্যাকে নিয়ে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে পেচিবাড়ি এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পার্শ্ব সড়ক থেকে ধুনট–শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে ওঠার সময় অটোভ্যানটি হঠাৎ ভারসাম্য হারায়। এতে মা ও মেয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই সময় ধুনটগামী দ্রুতগতির সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-২১৯৮) তাদের ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাকটি সড়কে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত মা ও মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে মা ও শিশুর এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা
আমন্ত্রণ/এজি
ধুনটে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঝরল দুই প্রাণ, মায়ের কোলে নিভে গেল শিশুর জীবন
ডিসেম্বর ১৬, ২০২৫
































