আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় মালামাল বোঝাই একটি ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে শুকুর আলী (৭২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে একটি উঁচু ও সরু সেতুর কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুকুর আলী দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। শনিবার সকালে তিনি বাগবেড়-হরিনাথপুর বাজার এলাকা থেকে ভাড়ার চুক্তিতে লোহার তৈরি বিভিন্ন সামগ্রী অটোভ্যানে বোঝাই করে মরিচতলার উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে নারায়ণপুর গ্রামের ভেতরে একটি উঁচু ও সরু সেতুর ওপর ওঠার সময় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। মুহূর্তেই অটোভ্যানটি পানিতে ডুবে গেলে চালক শুকুর আলী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে পুকুর থেকে তুলে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে পুকুরে ডুবে গেল মালবোঝাই অটোভ্যান, প্রাণ গেল চালকের
জুন ৬, ২০২৬


































