আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলা বালুবাহী চলন্ত দুই ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক শাহীন আলম প্রামানিক (৪৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ রোববার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ধুনট-সোনামূখী সড়কের প্রিয়াঙ্গন পার্ক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলম নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের দেলায়ার হোসেন প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে বালুবোঝাই দুটি ট্রাক কাজিপুর থেকে শেরপুরের উদ্দেশে যাচ্ছিল। একই সময় কাজিপুরের সোনামুখী এলাকা থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ধুনট শহরের দিকে রওনা দেয়। তিনটি যানবাহন ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী প্রিয়াঙ্গন পার্কের সামনে পৌঁছালে চলন্ত দুই ট্রাকের মাঝখানে অটোরিকশাটি চাপা পড়ে। এতে অটোরিকশা চালক শাহীন আলম ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা একটি ট্রাক আটক করতে সক্ষম হলেও অপর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহত চালকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































