আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় রান্নার কাজে জ্বালানি খড়ি সংগ্রহ করতে গিয়ে বিষাক্ত পোকার কামড়ে গাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেল ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের নাম আতিকুল করিম ওরফে বাবলু তালুকদার (৫৫)। তিনি ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী ভান্ডারবাড়ি গ্রামের বাসিন্দা ও গোলাম রহমান গেন্দা তালুকদারের ছেলে।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, রোববার দুপুর ১টার দিকে আতিকুল করিম বাড়ির পাশে যমুনা নদীর তীরে একটি আম গাছে উঠে মরা ডাল কাটছিলেন। এ সময় গাছের ডাল থেকে বিষাক্ত মানজুল নামক পোকা বের হয়ে তাকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তিনি প্রচণ্ড যন্ত্রণায় অচেতন হয়ে গাছ থেকে নিচে পড়ে যান।
পরিবারের সদস্যরা প্রথমে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমন্ত্রণ/এসিজি
































