বগুড়া ব্যুরো :
বগুড়ার ধুনট উপজেলায় একসঙ্গে তিন সন্তানের মা হয়েছেন আঁখি খাতুন (২২) নামে এক গৃহবধূ। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনটি সন্তানের মধ্যে দুইটি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে। আঁখি খাতুন উপজেলার এলাঙ্গী গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
আজ সোমবার(১৭ নভেম্বর) বিকেলে আয়সা-জোবেদা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক নামে একটি বেসরকারি হাসপাতালে আঁখি খাতুনের সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও তিন সন্তানই সুস্থ আছেন। এ তিনটি শিশু আখি-সুজন দম্পতির দ্বিতীয় সন্তান। এই কৃষক দম্পতির ৭ বছর বয়সের আরো একটি কন্যা সন্তান রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন আঁখি খাতুন। শারীরিক জটিলতার কারণে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অবশেষে সিজারিয়ানের মাধ্যমে একসঙ্গে ফুটফুটে তিন শিশুর জন্ম হয়।
আবেগাপ্লুত হয়ে রোগীর স্বজনরা বলেন, আমরা কল্পনাও করিনি তিনটা সন্তান হবে। একে একে যখন ডাক্তার-নার্সরা দুই মেয়ে ও একটি ছেলেকে আমাদের কোলে তুলে দিলেন, তখন আমাদের চোখে পানি চলে আসে। আমাদের জীবনে এর চেয়ে বড় খুশির দিন আর হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন সুস্থ ও ভালো থাকে।
হাসপাতালের চিকিৎসক ডা. সাখাওয়াত হোসেন জানান, আঁখি খাতুন হাসপাতালে আসার পরই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, তার গর্ভে তিনটি সন্তান আছে। সিজারের মাধ্যমে সফলভাবে সন্তানদের জন্ম দেওয়া চিকিৎসকদের জন্যও একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে আল্লাহর রহমতে সবকিছু সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছে।
আমন্ত্রণ/এসিজি


































