রফিক প্লাবন, দিনাজপুর :
দিনাজপুর বধির ইনস্টিটিউটের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে দিনাজপুর শহরের রাজবাড়ীর গুঞ্জাবাড়ীস্থ ইনস্টিটিউট প্রাঙ্গণে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ১০৪ জন শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক তুলে দেন দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সঠিক যত্ন ও মমতা দিয়ে গড়ে তুলতে পারলে তারা দেশের সম্পদে পরিণত হবে। জেলা প্রশাসন সবসময় এই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে আছে এবং ভবিষ্যতেও তাদের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।”
প্রতিষ্ঠানের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন এবং সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক ইয়াসমিন আরা বেগম, দিনাজপুর বধির ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনীন বেগম।
শেখ ফারিক উদ্দীন ওয়েল ফেয়ার ট্রাস্টের সৌজন্যে নতুন পোশাক বিতরনের আয়োজন করে বধির ইনস্টিটিউট। এসময় শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ
এপ্রিল ১০, ২০২৬
































