রফিক প্লাবন, দিনাজপুর :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২৪-২০২৫ এর আওতায় দিনাজপুরে অনুর্ধ্ব-১৫ বালকদের দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার চারটি স্কুল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হয় পৌরসভা (বাংলা স্কুল) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার উপশহরস্থ তফিউদ্দীন মেমোরিয়্যাল হাই স্কুল মাঠে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম। এরপর উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক রওনকুল ইসলাম, উপআনুষ্ঠানিক শিক্ষাব্যুরো’র সহকারি পরিচালক আফিস দেরওয়ান, তফিউদ্দীন মেমোরিয়্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক মোতালেব হোসেন। এছাড়া ক্রীড়া শিক্ষক ওবায়দুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অংশগ্রহনকারী স্কুলের শিক্ষকগন ও শিক্ষার্থীবৃন্দ।
আয়োজকরা জানান, দিনব্যাপী অনুর্ধ্ব-১৫ বালকদের ক্রিকেট প্রতিযোগিতায় ৪টি স্কুলের ছেলেরা অংশ নেয়। স্কুলগুলো হচ্ছে- তফিউদ্দীন মেমোরিয়্যাল হাই স্কুল, পৌরসভা (বাংলা স্কুল) উচ্চ বিদ্যালয়, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ এবং দিনাজপুর একাডেমি স্কুল।
টি-১০ পদ্ধতিতে ২টি খেলায় বিজয়ীদের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় দিনাজপুর একাডেমি কে ৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পৌরসভা (বাংলা স্কুল) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন আম্পায়ার রাজন ইসলাম ও ফয়সাল, স্কোরার ছিলেন সফিকুল ইসলাম আরিফ। দিনব্যাপী প্রতিযোগিতাটি বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমী দর্শক উপভোগ করেন।
আমন্ত্রণ/এসিজি


































