আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিশিষ্ট শিক্ষাবিদ, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, দিনাজপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, জেলা জিয়া পরিষদের সন্মানিত সদস্য, সমসাময়িক বিষয়ের লেখক অধ্যাপক আব্দুল জব্বার (এম এ জব্বার) এর জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে।
দিনাজপুর শহরের পাহাড়পুর নিবাসী সেতু, রনি ও রিতুর পিতা দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল জব্বার শনিবার দুপুরে রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা্য় ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।
রবিবার দুপুর ২টায় দিনাজপুর ইনিস্টিটিউট মাঠে ১ম জানাযা ও বিকাল ৪টায় বিরল উপজেলার সাবইল গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাযা ও দাফন কার্যে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর-৩ (দিনাজপুর সদর) আসনের সাবেক এমপি খুরশিদ জাহান হক চকলেট এর ছেলে শাহরিয়ার আক্তার ডন’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় গুণি এই ব্যক্তিকে শেষ বিদায় জানাতে সাবইল গ্রামে জনমানুষের ঢল নামে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব.) আব্দুল জব্বার এর জানাযা ও দাফন সম্পন্ন
আগস্ট ১৭, ২০২৫
































