আব্দুর রাজ্জাক, দিনাজপুর:
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মৌখিক নির্দেশে ৫টি উপজেলার স্কুল থেকে বিতরণকৃত প্রজেক্টরসহ বিভিন্ন মালামাল ৯ মাস পর ফেরত দেওয়া হয়েছে। এতে রহস্যের সৃষ্টি হয়েছে।
তবে কিসের ভিত্তিতে কি কারণে পিইডিপি-৪ এর আওতায় ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণকৃত প্রজেক্টর, স্ক্রিন, ব্যাগ ও ক্যাবল দীর্ঘ ৯ মাস ব্যবহারের পর এই এপ্রিল ২০২৫-এ ফেরত নেওয়া হচ্ছে,তার কোন ডকুমেন্ট বা চিঠি দেননি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আর কোন চিঠি ছাড়া শুধু মৌখিক নির্দেশে বিরল উপজেলাসহ বীরগঞ্জ, খানসামা,বিরামপুর ও হাকিমপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারগন উক্ত মালামাল ফেরত দিলেন,তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। জানতে চাওয়া হলে,কখনও বলছেন এগুলো টেস্ট করা হয়নি,কখনও বলছেন এগুলো যেহেতু ৯ মাস ব্যবহার হয়েছে তাই নতুন মোড়কে অন্য জেলায় পাঠানো হবে। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন তথ্য আরো রহস্য তৈরি হয়েছে।
গেল ১০ এপ্রিল-২০২৫ বিরল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,৯ এপ্রিল ২০২৫ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মৌখিক নির্দেশে পিইডিপি-৪ এর আওতায় ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণকৃত ১৩৮টি প্রজেক্টর,১৪০টি স্ক্রিন,১৩৯টি ব্যাগ ও ১৩৯টি ক্যাবল ফেরত দেওয়া হলো।
এ বিষয়ে আজ রোববার (১৩ এপ্রিল) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক এর মুঠোফোনে জানতে চাইলে জরুরি মিটিং এ আছি,পরে কথা বলবো। দুপুর ২টার পর আবারো মুঠোফোনে কল দিলে তিনি আর রিসিভ না করে কৌশলে বিষয়টি এড়িয়ে যান।
আমন্ত্রণ/এসিজি


































