আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসর নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে। টুর্নামেন্ট বর্জনের গুঞ্জন ছাপিয়ে শেষ পর্যন্ত লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন লিগে অংশ নিতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
জানা যায়, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ব্যক্তিগত অনুরোধের পর নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছেন রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল।
বিসিবি ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ এপ্রিল লিগের দলবদল অনুষ্ঠিত হবে। দেশের শীর্ষ ১২টি দলই এই প্রক্রিয়ায় অংশ নেবে বলে ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে।
তবে গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল, লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন এবার লিগ থেকে নিজেদের সরিয়ে নিতে চায়। এমনকি অ্যাডহক কমিটির ডাকা ক্লাবগুলোর প্রাথমিক সভায় এই দুই দলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
পরিস্থিতি সামাল দিতে নিজেই উদ্যোগী হয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদলকে ফোন করে লিগে অংশ নেওয়ার বিশেষ অনুরোধ জানান। বিষয়টি নিশ্চিত করে বাদল গণমাধ্যমকে বলেন, ‘গত ১৩ এপ্রিল প্রেসিডেন্ট সাহেব (তামিম) আমাকে ফোন দিয়েছিলেন।
তিনি বলেছেন আমি দীর্ঘ সময় ক্রিকেটের সাথে ছিলাম এবং এখনো আছি। ওনার অনুরোধের কারণেই আমি এখন বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছি।
লুৎফর রহমান বাদল আরও জানান, দলবদলের তালিকায় তাদের নাম থাকাটা স্বাভাবিক। তবে মাঠে নামার আগ পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। তবে তামিম ইকবালের সাথে একটি আনুষ্ঠানিক বৈঠকের পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তিনি আক্ষেপ করে বলেন, আমি সবসময় চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার মতো দল গড়ি। এবার সবাইকে ছেড়ে দিয়েছিলাম। কারণ দীর্ঘদিন ক্রিকেটের পেছনে সময় ও শ্রম দিলেও আমি সেভাবে কোথাও মূল্যায়ন পাইনি।
উল্লেখ্য, গত আওয়ামী লীগ সরকারের সময় নাজমুল হোসেন পাপনের নেতৃত্বাধীন বোর্ড বাদলকে আজীবন নিষিদ্ধ করলেও লিজেন্ডস অব রূপগঞ্জ নিয়মিত লিগে অংশ নিয়ে আসছিল।
































