ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা :
দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান আলী শ্যামকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পৌরশহরের গাইবান্ধা মোড় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিষিদ্ধ সংগঠনের নেতা শাহাজাহান আলী শ্যামের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এ ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। গত বছরের ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, ধৃত শাহাজাহান আলী শ্যামকে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।
আসন্ত্রণ/এসিজি
ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহাজাহান আলী শ্যাম গ্রেপ্তার
ফেব্রুয়ারি ২০, ২০২৫
































