গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা, মাদক সহ ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। গত রাত ২টায় উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫হাজার ৫২৪ টাকা, মোবাইল ফোন ১০টি, ও সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়।
এছাড়াও জুয়া খেলার সময় আটক ঝিরাই গ্রামের ফজলুর ছেলে শাহিন মিয়া (২৫), বুলু মিয়ার ছেলে রনি মিয়া (২০), কোগারিয়া গ্রামের ফজলুলের ছেলে ফারুক আহমেদ (২৮), দুলু মিয়ার পুত্র আব্দুল আজিজ (৩৫), হোসেন আলীর ছেলে জিয়াউর রহমান (৩০), বাল্যা গ্রামের ছিরমত আলীর ছেলে শামসুল আলম (৩৫), কাঠালবাড়ী গ্রামের মৃত সোলায়মানের ছেলে নুরুন্নবী (৫০), বানিহালি গ্রামের সাইফুলের ছেলে তৌহিদ (২০), মৃত সাইরুদ্দীনের ছেলে মিজানুর (৩৮) ও আব্দুল গাফ্ফার মন্ডলের ছেলে শাকিবকে (৩০) গোবিন্দগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে গভীর রাতে যৌথ অভিযানে ১০ জুয়াড়ি আটক জুয়া খেলার সামগ্রী ও মাদক উদ্ধার
জুলাই ১১, ২০২৫
































