গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণ মামলার আসামী ছিনিয়ে নিতে অপহরণকারীর স্বজন ও তার সহযোগিদের হামলায় ও ছুঁড়ে মারা ইটপাটকেল এবং ধারাল অস্ত্রের আঘাতে ৭ র্যাব সদস্য আহত হয়েছেন।
পরে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপহ্নত কিশোরী শারিয়া মোস্তারিনকে (১৩) উদ্ধার ও অপহরণকারী লিয়ন বাবু (২২) সহ তার দুই সহযোগি চাঁদপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের পুত্র নান্নু ইসলাম (২১), মৃত তোফায়েল হোসেনের পুত্র তাজু মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। আহত র্যাব সদস্য আমিনুল ইসলাম, মেহেদী হাসান, রিফাত হোসেন সহ অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের নায়েব সুবেদার মো. নওশের জানান গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের শাহীন মিয়ার স্কুল পড়ুয়া ১৩ বছরের মেয়ে শারিয়া মোস্তারিনকে অপহরনের অভিযোগে থানায় মামলা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিম শারিয়া মোস্তারিন উদ্ধার ও অভিযুক্ত অপহরণ মামলার আসামী উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের নান্নু মিয়ার ছেলে লিয়ন বাবু (২২), গ্রেফতার করলে লিয়নের সহযোগীরা ও বাড়ীতে থাকা লোকজন তাদের ওপর লাঠি শোঠা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাদের অবরুদ্ধ করে ফেলে।
এ সময় ফাঁকা গুলি করলে হামলাকারীরা দুরে সড়ে গিয়ে চারিদিকে ঘোরাও করে রাখে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও অতিরিক্ত র্যাব সদস্যরা এসে অবরুদ্ধ র্যাব সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারের পর আসামি ও সহযোগীদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করেছে র্যাব। সরকারি কাজে বাধা প্রদান ও র্যাবের ওপর হামলার ঘটনায় নামীয় ৩৫জন সহ অজ্ঞাতনামা ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ভিকটিম ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আজ তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে অপহরণ মামলার আসামী ছিনিয়ে নিতে অপহরণকারীর স্বজন ও সহযোগিদের হামলায় ৭ র্যাব সদস্য আহত : অপহরণকারী ও সহযোগি গ্রেফতার, অপহৃতা উদ্ধার
জুলাই ১৮, ২০২৫


































