বগুড়া ব্যুরো ও শিবগঞ্জ প্রতিবেদক :
বগুড়ায় ছাত্র-জনতার সমাবেশে খুনি হাসিনার বিচার এ দেশে হতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহফুজুর রহমান স্নিগ্ধ।
রোববার (৯ অক্টোবর) বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত ছাত্র–জনতা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, খুনি হাসিনার গুম-খুন ও জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি। ছোটবেলা থেকেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা দেখে আসছি। তার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি।
তিনি বলেন, ভাইয়ের মৃত্যুর পর খুনি হাসিনার মন্ত্রী এমপিদের ব্ল্যাংক (ফাকা চেক) চেকের অফার ফিরিয়ে দিয়েছি তবুও আমরা হাসিনার সঙ্গে আপোষ করিনি। এসময় তিনি খুনি হাসিনার বিচার এ দেশেই হতে হবে বলে দাবি করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
সমাবেশ বক্তব্য রাখেন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল করিম, যুবদল সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।
এর আগে সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র–জনতা মিছিল সহকারে ও ৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে মীর স্নিগ্ধকে বরণ করেন নেতাকর্মীরা।
বিএনপিতে যোগদান করার পর এই প্রথম রাজনৈতিক বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, পূণ্যভূমি শিবগঞ্জের মহাস্থান থেকে প্রথম রাজনৈতিক বক্তব্য দেবার সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। খুনি হাসিনা আমার ভাইসহ ২ হাজার ভাই-বোনকে হত্যা করেছে। ২০ হাজার জনকে আহত করেছে।
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সকল তরুণ-যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরজীবনের জন্য বিলুপ্ত করবেন ।
সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি, এটা শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেয়ার মাধ্যমে আবারো প্রমাণ হলো।
এর আগে রোববার দুপুর ৩টায় মীর মুগ্ধ শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন করেন এবং বিখ্যাত সূফি সাধক হযরত শাহ সুলতান মাহমুদ বালখী (রহঃ) এর মাজার জিয়ারত করেন। এ সময় দেশের শান্তি, জিয়া পরিবারের মঙ্গল ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
জিয়ারতকালে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলম উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ মীর মুগ্ধ জুলাই যোদ্ধাদের পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হন। মৃত্যুর আগে মীর মুগ্ধের ‘পানি লাগবে পানি’ এ ডাক কোটি কোটি মানুষের হৃদয় কাঁড়ে।
আমন্ত্রণ/এসিজি
খুনি হাসিনার বিচার এ দেশেই হতে হবে- মীর স্নিগ্ধ
নভেম্বর ১০, ২০২৫


































