প্রদীপ মোহন্ত, বগুড়া ব্যুরো :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ন অবস্থায় আছে। কেউ কেউ তরুণদের বিপথগামী করার চেষ্টা করছে। আমাদের দল তারুণ্য নির্ভর দল, তরুণদের সামনে এগিয়ে নেয়ার জন্যই সেমিনার ও সমাবেশ। তারুণ্যকে প্রাধান্য দিয়েই আগামীর রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নিবেন।
বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ বিষয়ক সমাবেশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে তরুণসমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অনুষ্ঠানের আয়োজন করেছে। তরুণ সমাজের ভাবনা ও অধিকার নিয়ে কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় আগামী ২৩ মে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার শহরের মমইন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ২৪ মে (শনিবার) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ বিষয়ক সমাবেশ শহরের সেন্ট্রাল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
যুবদল সভাপতি বলেন, দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এসময় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকদল সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, রাজিব হাসান, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বগুড়া জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
কেউ কেউ তরুণদের বিপথগামী করার চেষ্টা করছে -যুবদল সভাপতি
মে ২২, ২০২৫


































