বিনোদন ডেস্ক :
দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে চর্চিত নায়িকা পরীমনি। নানা কারণে বছরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই অভিনেত্রী গত বছরের শেষের দিকেই জানান দিয়েছিলেন, কলকাতার সিনেমায় অভিনয় করছেন তিনি। তবে তখন সিনেমার নাম, পরিচালক এমনকি তার বিপরীতে কে অভিনয় করছেন, কোনো কিছুই উল্লেখ করেননি পরী। তবে বুধবার সকালে ছবির বিষয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেন এই নায়িকা। ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন কলকাতার সোহম চক্রবর্তী।
এ বিষয়ে পরীমনি বলেন, ‘ফেলুবকশি নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। আগামী ২৬ মার্চ থেকেই শুটিং শুরু হওয়ার কথা। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার ছবি। গত বছর কলকাতার আনন্দবাজার পত্রিকা আমাকে বাংলাদেশের সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়। সেই পুরস্কার সশরীর গ্রহণ করতে সেখানে গিয়েছিলাম আমি। তখনই সিনেমায় কাজের ব্যাপারে আলোচনা হয়। কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে-পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়।’
তিনি আরও বলেন, ‘গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই, এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।’ তবে ‘ফেলুবকশি’ সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না পরীমনি। শুধু জানিয়েছেন, এটি একটি থ্রিলার ঘরানার ছবি। ছবিতে তার চরিত্রের নাম লাবণ্য, রহস্যময় এক চরিত্র।
দু-তিন দিন আগে কলকাতায় গিয়েছেলেন সেখানে গিয়ে আবারও আনন্দবাজারের মুখোমুখি হন তিনি। কথা বলেন সদ্য সাবেক হয়ে যাওয়া স্বামী শরীফুল রাজকে নিয়ে। গত বছর একটানা বহুদিন তার এবং শরিফুল রাজের সম্পর্ক খবরের শিরোনামে ছিল। সেসব জটিলতা কাটিয়ে তিনি এখন সিঙ্গেল মাদার। অভিনয়ের পাশাপাশি তিনি এখন একা হাতে ছেলে পদ্মকে মানুষ করছেন। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সদ্য একটি সাক্ষাৎকারে পরীমনি জানান, রাজ আজ পর্যন্ত তাদের সন্তানের কোনো দায়িত্ব নেননি। অভিনেত্রীর কথায়, ‘এই বিষয়টা আমার ব্যক্তিগত হলেও সবাইকে জানাতে চাই যে, আমি কারও করুণা চাই না। ও বাচ্চাকে দেখবে না, এদিকে সবাইকে বলবে বাচ্চা আমার এটা আমি চাই না। পদ্মর বাবা আজ পর্যন্ত ওর কোনো খোঁজ নেয়নি।’
কলকাতার সিনেমায় পরীমনি
মার্চ ১৫, ২০২৪


































