বিনোদন প্রতিবেদক :
নির্মাণাধীন ঢাকাই সিনেমা ‘তুফান’-এ সুপারস্টার শাকিব খানের সঙ্গে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে গত কয়েক মাস ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় অনেক নায়িকার নামই এসেছে। ‘তুফান’ সিনেমায় শাকিবের নায়িকা থাকবেন দুই জন- এমন ধারণা আগেই জানিয়েছিলেন পরিচালন রায়হান রাফী। কয়েকদিন আগে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বলে জানান তুফানের নির্মাতাপক্ষ।
তবে বিপত্তি ঘটে অন্য নায়িকা নির্বাচনের ক্ষেত্রে। গুজব উঠে পরিচালক রায়হান রাফির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের সম্পর্ক থাকায় তমিই হচ্ছেন শাকিবের নায়িকা। বিষয়টি নিয়ে জলঘোলাও হয় বেশ। তমার সঙ্গে কাজ করতে আপত্তি জানান শাকিব খান। অবশেষে সব জল্পনা-কল্পনা উড়িয়ে চমকে দিলেন ‘আয়নাবাজি’র নাবিলা। চঞ্চল চৌধুরীর সঙ্গে মুগ্ধ রসায়ন শেষে এবার তিনি শাকিব খানের নায়িকা হয়ে ধরা দিচ্ছেন পর্দায়। সোমবার (১১ মার্চ) সকালে খবরটি নিশ্চিত করেন নাবিলাসহ ‘তুফান কর্তৃপক্ষ।
রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ প্রযোজনা করছে যৌথভাবে এসভিএফ, আলফা আই ও চরকি। গত বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হয় এই সিনেমার। তখন নায়কের নাম ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে সেই ঘোষণা এলো। এ ব্যাপারে নাবিলা বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই মনে। সে সঙ্গে এত দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক।’
অন্যদিকে মিমি চক্রবর্তী কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। চরকির কাছে তিনি বলেন, ‘বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনও কাজে কখনও বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।’
এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই। এসভিএফ-এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি তারা বেশ আনন্দিত সিনেমার মুখ্য দুই নারী চরিত্র নিয়ে।
শাকিবের নায়িকা হয়ে উচ্ছ্বসিত নাবিলা
মার্চ ১৫, ২০২৪


































