মো. এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে সাড়ে ৪টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পুর্ব পাশে এ দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ব্যক্তিদের উদ্ধার করেন।
এ সময় ঘাতক ট্রাকটি নওগাঁর অভিমুখে পালানোর সময় আটক করে থানায় নিয়েছেন পুলিশ। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহতরা হলো গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম রিংকন (২১), বগুড়া সদরের গোকুল উত্তরপাড়ার শাহাজান আলীর ছেলে মুশফিকুর রহমান (৩০) এবং অপরজন আশরাফুজ্জামান (৩৫) বলে প্রাথমিক ভাবে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল আনুমানিক ৪টায় দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে একটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহি বগুড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা নওগাঁ গামী একটি ট্রাক মোটারসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি তিন জন নিহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য নিহতদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আফাজ উদ্দিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হলেও চালকও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
আমন্ত্রণ/এসিজি
আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
জুন ২০, ২০২৫


































