আমন্ত্রণ ডেস্ক :
আজ অমর একুশে ফেব্রুয়ারি।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা ভাষার দাবিতে রাজপথে নামা তরুণদের বুকের তাজা রক্তে লাল হয় ঢাকার রাজপথ। রক্তস্নাত সেই সময়কে স্মরণের দিন আজ। দিনটি মহান শহীদ দিবস ও বিশ্ব অঙ্গনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আজকের দিনে মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো। এই দিনটিতে বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। কালোব্যাজ ধারণ, প্রভাতফেরি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন একুশে ফেব্রুয়ারির এক অবিচ্ছেদ্য অংশ। রাজধানী ঢাকাসহ সারা দেশের শহীদ মিনারে ফুল দিয়ে একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জাতি। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০০০ সালের একুশে ফেব্রুয়ারি থেকে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সঠিক নিয়মে, সঠিক রঙ ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
একুশের যত কর্মসূচি :
দিবসটি কেন্দ্র করে নানা আয়োজন করে রাজনৈতিক ও সাংস্কৃতিক দলগুলো। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হয়। আজ বইমেলা শুরু হবে সকাল ৭টা থেকে। বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। সভাপতিত্ব করবেন কবি হাসান হাফিজ। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা ২০২৫। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অমর একুশে বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। অমর একুশেতে সকাল ৭টায় নীলক্ষেত মোড়ে জমায়েত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন উদীচীর শিল্পী-কর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ শিশু একাডেমির প্রধান ফটকের সামনে উন্মুক্ত সড়কে শহীদ স্মরণে অনুষ্ঠান আয়োজন করেছে সংগঠনটি। সেখানে থাকবে গান, আবৃত্তি, নৃত্য ও পথনাটকসহ নানা আয়োজন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ভাষার মাস ফেব্রুয়ারি ২০২৫ জুড়ে চলছে ‘বহুভাষিক উৎসব। সারা দেশে, বিভাগ, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচি অব্যাহত রয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে ‘একুশের নিবেদন’। আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। অনুষ্ঠানে থাকছে সমবেত যন্ত্রসংগীত নৃত্য, গান ও নাটক। ‘পানি লাগবে পানি/আবু সাঈদ’ আবৃত্তি পরিবেশন করবেন এবিএম সোহেল রশিদ। বিদেশি শিল্পীর পরিবেশনায় নেপালি নৃত্যসহ অনেক কিছু থাকছে এই আয়োজনে।
আজ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ফেব্রুয়ারি ২১, ২০২৫
































