প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ :
দিনাজপুরের বীরগঞ্জে পাকা সড়কের ওপর নির্মিত কালভার্টের মধ্যভাগে ঢালাই ওঠে তৈরি হয়েছে বিশাল গর্ত। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কালভার্টটি বীরগঞ্জ থেকে গড়েয়া আঞ্চলিক সড়কের খামারখরিকাদাম বিদ্যালয় সংলগ্ন। রাস্তার মধ্যভাগে গর্ত হওয়ায় এলাকাবাসীর কাছে মরণফাঁদে পরিণত হয়েছে ।
জানা যায়, উপজেলার মরিচা ইউনিয়নের খামারখড়িকাদাম বিদ্যালয় সংলগ্ন রাস্তায় নির্মিত কালভার্ট দিয়ে মরিচা, শিবরামপুর ও পলাশবাড়ী ইউনিয়নসহ ঠাকুরগাঁও জেলার গড়েয়ার কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে। তবে কালভার্টটিতে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। ফলে এলাকাবাসীকে প্রয়োজনীয় কাজে উপজেলা সদরে যাতায়াত এবং রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে।
এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান জানান, প্রতিদিন সড়কটি ব্যবহার করে কয়েক হাজার মানুষ নিজ নিজ গন্তব্যে যায়। তবে ভারি যান চলাচলে এ রাস্তায় এখন গর্ত তৈরি হয়েছে। ফলে এখন সবার চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরও বেশ কিছু যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল জানান, বিপদজনক ওই কালভার্টের ওপর দিয়ে প্রতিনিয়ত যানবাহনসহ সাধারণ মানুষ চলাচল করে। এ কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। তাই তা দ্রæত সময়ে মেরামত করা প্রয়োজন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ জানান, কালভার্ট মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রæত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে কালভার্ট যেন মরণ ফাঁদ
সেপ্টেম্বর ১৬, ২০২৪


































