জাহিদুল ইসলাম জাহিদ, আমন্ত্রণ প্রতিবেদক, হিলি :
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ছিল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত দিন ১২ রবিউল আউয়াল। মুসলিম উম্মাহ’র কাছে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। দিনটি উপলক্ষে এদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে আজ মঙ্গলবার সকাল থেকে পুনরায় শুরু হবে সকল কার্যক্রম।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রæপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি থাকায় এই বন্দর দিয়ে প্রতিবেশি দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম মন্ডল জানান, তাৎপর্যপূর্ণ দিনটি উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয়নি। আজ মঙ্গলবার সকাল থেকে সকল কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামান জানান, শুধু গতকাল সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এই চেকপোস্ট দিয়ে সপ্তাহের সাতদিনই বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রীরা বাংলাদেশ ও ভারতে পারাপার করতে পারেন।
এদিকে হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের একটি সূত্র জানান, আজ মঙ্গলবার থেকে বন্দরের অভ্যন্তরে আমদানি-রপ্তানি পণ্য লোড-আনলোড সহ কার্যক্রম পুরোদমে শুরু হবে।
আমন্ত্রণ/এসিজি
বন্ধ ছিল হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি
সেপ্টেম্বর ১৬, ২০২৪
































