গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের কবল থেকে স্কুল ও খেলার মাঠ রক্ষায় শনিবার আদিবাসী সাঁওতাল শিশু কিশোর ও অভিভাবকরা মানববন্ধন করেছে।
উপজেলার জয়পুর সাঁওতাল পল্লীতে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাঁওতাল শিশু-কিশোররা তাদের অধিকার ও দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
সাঁওতাল জনগোষ্ঠীর খেলোয়ার ও শিশু-কিশোরদের পক্ষ থেকে মানববন্ধনে বক্তব্য দেয় বিশব মুরমু, সুমিত্রা মুরমু, সুচিত্রা মুরমু তৃষ্ণা, সান্ত¦না হাসদা প্রমুখ। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ডা. ফিলিমন বাসকে, সুফল হেমব্রম, বার্নাবাস টুডু, রাফায়েল হাসদা, আনিসুর রহমান, ময়নুল ইসলাম প্রমুখ।
আদিবাসী সাঁওতাল শিশু কিশোরদের সংগঠক সুচিত্রা মুরমু তৃষ্ণা জানায় যে, সাঁওতাল শিশু-কিশোররা তাদের মাতৃভাষায় পড়াশুনার জন্য সাঁওতাল পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় শহীদ শ্যামল-রমেশ-মঙ্গল মার্ডির নামে সাঁওতাল স্কুল প্রতিষ্ঠা করে। স্কুলের পাশেই সাঁওতাল শিশু-কিশোরদের জন্য একটি খেলার মাঠ আছে। এর মধ্য দিয়ে সাঁওতাল শিশু-কিশোররা খেলাধুলাসহ তাদের ভাষা ও সংস্কৃতি চর্চা করতে থাকে। সেই মাঠটি ভ‚মিদস্যু স্বপন শেখ ও আতাউর রহমান সাবু দখল করে নেওয়ায় শিশুদের খেলাধুলায় সমস্যায় পড়তে হচ্ছে।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভ‚মি উদ্ধার সংগ্রাম কমিটি সভাপতি ফিলিমন বাস্কে জানান, মাদক ব্যবসায়ী ও ভ‚মিদস্যু স্বপন শেখ ও আতাউর রহমান সাবু নেতৃত্বে সন্ত্রাসীরা আদিবাসী সাঁওতাল শিশু-কিশোরদের মাঠ ও স্কুল দখল করে বাড়িঘর নির্মাণসহ খেলার মাঠ নষ্ট করে চাষ করছে। এছাড়াও সাঁওতালদের বাড়ি, কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর ভাংচুর, মারধর, ভয়ভীতি ও জমি দখল করা হচ্ছে। এ নিয়ে সাঁওতালদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তিনি আরো বলেন, সারাদেশে সাঁওতালসহ আদিবাসী জনগোষ্ঠী মানবাধিকার এবং জীবন মানের সার্বিক দিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত এবং সে কারণেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর থেকে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠী। সমতলের আদিবাসীরা বিলুপ্ত হওয়ার পথে। শুধু আদিবাসীই বিলুপ্ত হচ্ছে না, তাঁদের সংস্কৃতি, ভাষাও বিলুপ্ত হচ্ছে। এই সব ঘটনা সাঁওতালদের ভাষা ও সংস্কৃতি আরো বিপন্ন করবে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে সাঁওতাল শিশু কিশোরদের মানববন্ধন
আগস্ট ১৭, ২০২৪


































