মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির ঘটনায় মামলা দায়েরের পর চুরি যাওয়া স্বর্ণের খন্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের জনৈক জোছনা বেগমের বাড়িতে অলংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জোছনা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অনুসন্ধান করে উপজেলার কারেন্ট হাট বাজারে চন্দন চন্দ্র রায়ের মালিকানাধীন কৃষ্ণ জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকান থেকে অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি খন্ডিত অংশ উদ্ধার করে ও স্বর্ণালংকারগুলি গলিয়ে ফেলায় জড়িত থাকার কারণে দোকান মালিক চন্দন রায়কে আটক করে।
পরবর্তিতে তার দেয়া তথ্যের ভিত্তিতে চুরির সাথে জড়িত অপর দুজনকে আটক করা হয়। আটককৃতরা হল-উপজেলার আউলিয়াপুকুর ইউনয়নের উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়ার মো. আজিজুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২৫), একই এলাকার মো. সাইদুর রহমান সাইদু কানার ছেলে মো. আলমগীর বাদশাহ (২৪)।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) চুরির ঘটনায় মামলা রুজু করা হলে তথ্য প্রযুক্তির ব্যবহার করে দ্রুত ওই জুয়েলার্স এ অভিযান চালিয়ে কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়। চুরির ঘটনায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরি মামলায় ৩ জন গ্রেপ্তার, স্বর্ণের টুকরো উদ্ধার
সেপ্টেম্বর ২৮, ২০২৬
































